জ্বালানি তেল, ফিলিং স্টেশন
গাংনী উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় দেখা যায়।   ছবি: আরটিএনএন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে—এমন আশঙ্কায় মেহেরপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল কিনতে ভিড় করছেন গাড়িচালকেরা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভিড় বেশি দেখা যাচ্ছে।

জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নিতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। অনেক পাম্পে তেল সরবরাহ না থাকার কারণ দেখিয়ে অধিকাংশ সময়ই সেগুলো বন্ধ রাখা হচ্ছে।

তবে কয়েকটি ফিলিং স্টেশনে রাতের দিকে অল্প সময়ের জন্য তেল সরবরাহ করা হচ্ছে। এতে করে মোটরসাইকেল চালকেরা তীর্থের কাকের মতো অপেক্ষা করে তেল নেওয়ার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে মাত্র ২০০ টাকার পেট্রল বা অকটেন দেওয়া হচ্ছে। এই সামান্য তেল পেতেও চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

শনিবার রাত ১০টার পর গাংনী উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যায়।

চালকদের অভিযোগ, প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়ছেন। চাহিদার তুলনায় যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে, তা দিয়ে প্রয়োজনীয় কাজ চালানো সম্ভব হচ্ছে না বলেও জানান তারা।

চালকেরা দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বৈশ্বিক পরিস্থিতিকে পুঁজি করে কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোরও আহ্বান জানান তারা।