চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান   ছবি: আরটিএনএন

ইফতার শেষে আকস্মিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় তিনি হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাসেবা, অবকাঠামোগত অবস্থা এবং রোগীদের জন্য প্রদত্ত বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে অবগত হন। সংশ্লিষ্টদের কাছ থেকে সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার পর তিনি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন, মেডিকেল অফিসার আবু শাহাদাত মাহফুজ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি তোহিদুর রহমান মাস্টার, গোহালবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রউফসহ স্থানীয় নেতৃবৃন্দ।