পঞ্চগড়ে ৩ দিনের ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব ও বারুণী মেলা শুরু।
পঞ্চগড়ে ৩ দিনের ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব ও বারুণী মেলা শুরু।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ে করতোয়া নদীর তীরে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব ও বারুণী মেলা। আজ সূর্যোদয় থেকেই করতোয়া নদীর তীরবর্তী বোয়ালমারী মেলা প্রাঙ্গণে হাজার হাজার সনাতন ধর্মালম্বী ভক্ত ও পূণ্যার্থী জড়ো হন, এবং শুরু হয় মহাস্নান উৎসব ও পূজার্চনা।

প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত এই পূণ্যস্নান ও মেলা উপলক্ষে আশেপাশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসী করতোয়া নদীর তীরে এসে যোগ দেন। পূণ্যফল লাভ ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় দলবেঁধে করতোয়ার উত্তরমুখী স্রোতে পিন্ডদান, তর্পণাদি অর্পণ ও গঙ্গাস্নান শেষে মন্দিরে পূজা ও আরাধনায় অংশ নেন তারা।

ভক্ত ও পূণ্যার্থীরা জানান, সনাতন ধর্মমতে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। এসময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিন্ডদান করতে এসে আত্মীয়-স্বজনদের সাথে দেখা সাক্ষাতের ফলে এটি পরিণত হয় এক মিলনমেলায়।

আয়োজকরা জানান, স্নান উৎসব ও মেলায় আসা ভক্তদের সুবিধার্থে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।