কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক,  কুমিল্লা, বাস-ট্রেন সংঘর্ষ,
কুমিল্লায় দূর্ঘটনা কবলিত বাস ও ট্রেন।   ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে কুমিল্লা রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ‘চট্টগ্রাম মেইল’ ছেড়ে যাওয়ার মাধ্যমে এ লাইনে চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে টু-ডাউন ‘চট্টগ্রাম মেইল’ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় এবং ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাস্থল অতিক্রম করে। উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে ইতোমধ্যে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই উদ্ধার কার্যক্রম সম্পন্ন হবে।

এর আগে শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী এবং তিনজন শিশু রয়েছে।

এ ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল—দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোট ১২ সদস্যের এই দুই কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরবিএ/আরটিএনএন