মাদকে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সালাউদ্দিন, সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল, ঘোড় দৌড়, মাদক, জিরো টলোরেন্স, নীতি, ঘোষণা, সারাদেশ,
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।   ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানিয়েছেন, মাদকের সঙ্গে যেই হোক না কেন সম্পৃক্ত, তাকে আইনের আওতায় আনা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ৮৪ বছরের ঐতিহ্য বহনকারী এই আয়োজন গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানে ঘোড়দৌড়ের পাশাপাশি হাঁড়িভাঙা, বালিশ খেলা ও সাইকেল চালানোসহ বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করা হয়।

প্রতিমন্ত্রী টুকু বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এলাকায় মাদকের বিস্তার ঘটলে তার নেতিবাচক প্রভাব পরিবারের সন্তানদের ওপর পড়বে। তাই সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”

তিনি আরও বলেন, “সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে যেন মাদকের বিরুদ্ধে কোনো নমনীয়তা না দেখানো হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও সক্রিয় হয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

এ সময় প্রতিমন্ত্রী টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দেন, “আমি নিজে যেমন অন্যায় করব না, তেমনি অন্যায়কে প্রশ্রয়ও দেব না।” প্রতিমন্ত্রী একটি সুন্দর, উন্নত ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরবিএ/আরটিএনএন