নিহত
দুর্ঘটনাস্থলে উৎসুক জনতা ও উদ্ধার কাজে পুলিশ।   ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত, আহত হয়েছেন আরও একজন। 

রোববার (২২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দরিয়াকান্দি এলাকার বিজয় ও তার বন্ধু জাবির হোসেন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাইওয়ে পুলিশ জানায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দারিয়াকান্দি এলাকায় একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই করা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় (১৮) ও জাবির (১৮)।

কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে।