মানবপাচার
ভারতে পাচারের সময় ৪ শিশুসহ আটজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতে পাচারের সময় ৪ শিশুসহ আটজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিরা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তারা আগে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে থাকতেন এবং মাস সাতেক আগে দেশে ফেরেন। পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা যশোর ও চুয়াডাঙ্গার একটি দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন।

ভারতে কার্টন তৈরির কারখানায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্রটি তাদের কাছ থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা দাবি করে।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে দালালরা তাদের সীমান্তবর্তী এলাকায় নিয়ে যায়। তবে তাদের সীমান্ত পার না করিয়ে কৌশলে ভয় দেখিয়ে সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। এ সময় রাকিব মোল্লা নামে এক ভিকটিমকে মারধর করে দালালরা পালিয়ে যায়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মো. ইসরাফিল (৩২) ও মো. উজ্জ্বল হোসেন (৪০)।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন: রাকিব মোল্লা (৩৭) ও তার স্ত্রী নাইস মিনা খানম (৩০)
সাথী খাতুন (২৫) ও লিমন মোল্লা শিশু: রিহান মোল্লা, ফাতেমা খাতুন (১০), ফারিয়া খাতুন (২) ও ইসমাইল মোল্লা (১)।

উদ্ধারকৃতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মো. সোলায়মান শেখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জীবননগর থানা। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।