বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে—এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন, এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপনির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতসহ ১১ দল মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু এবং বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়ে হাসপাতালে আছেন, তারা একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ চেয়েছিলেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন তারা। প্রধানমন্ত্রী নিজে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন। জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিজয়ী করার পর এখন তা অস্বীকার করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের গণভোটের আদেশ বাতিল করে প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করছেন। যে ৫ কোটি ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তাদের সঙ্গে করা এই প্রতারণা জাতি ভুলবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি। শেখ হাসিনা যেমন মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, তেমনি বিএনপিও সরকারি প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের জন্য গণভোট, গুম কমিশন সংস্কারসহ জুলাই সনদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাতিলের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে সংসদে এসব উদ্যোগের প্রতিবাদ করছে এবং একই সঙ্গে রাজপথে আন্দোলন গড়ে তুলছে। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, তা যেন কোনো অপশক্তি নস্যাৎ করতে না পারে, সে জন্য বিরোধী জোট সজাগ রয়েছে। সংসদে কাজ না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আসন্ন উপনির্বাচনে বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে শুধু ভোটারদের অসম্মান করছে না, নিজেদের ৩১ দফার সঙ্গেও প্রতারণা করছে। তিনি বলেন, সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন তা মানা হচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থা দলীয়করণ করছে এবং ঋণখেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে। তিনি প্রশ্ন রাখেন—একজন ঋণখেলাপি কীভাবে দেশের অর্থনীতি ঠিক করবেন?
তিনি উপনির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এবং ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পরে অতিথিরা শহরের শহীদ খোকন পার্কে আরেকটি নির্বাচনী গণসমাবেশে বক্তব্য দেন। সমাবেশে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, এনসিপির জেলা সভাপতি এস এ মাহমুদ, জামায়াত নেতা রফিকুল আলম, আল-আমিন, আব্দুস ছালাম তুহিন, আব্দুল হামিদ বেগ, ইকবাল হোসেন, হেদায়তুল ইসলাম প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!