পীরগঞ্জে তিন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে আপত্তিকর মন্তব্যসহ ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার ।
পীরগঞ্জে তিন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে আপত্তিকর মন্তব্যসহ ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার।   ছবি: আরটিএনএন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে আপত্তিকর মন্তব্যসহ ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা মঙ্গলবার থানায় মামলা করলে মঙ্গলবার ভোরে পুলিশ আবির আল আব্দুল্লাহকে উপজেলার এক্তিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে। মামলা দায়ের করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সালের ২৬(১) ধারায়।

নাহিদ পারভীন রিপা জানান, আবির আল আব্দুল্লাহ ফেসবুকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ এমপি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি’র অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে আপত্তিকর মন্তব্যসহ পোস্ট করেছেন।

পোস্টে আবির আল আব্দুল্লাহ মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীর একত্রে ছবি শেয়ার করে “তিন চান্দা ভাই” ক্যাপশন ব্যবহার করেন। সালাহউদ্দীনের ছবি বিকৃত করে লেখা হয়, “ভারতের গোলাম, অখন্ড ভারতের নেতা শালাউদ্দীন চিম্ময় বিবেকানন্দ।” এছাড়া তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি যোগ করে পোস্টে লিখেন, “আওয়ামী লীগের ছিলো কাউয়া, বিএনপির আছে.. ....।”

রিপা আরও জানান, ফেসবুকে এই পোস্ট সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি, জাতিগত বিদ্বেষ ও সহিংসতা ছড়ানোর প্রবণতা বহন করে এবং সারাদেশে ভাইরাল হয়। তিনি সাইবার স্পেসে পোস্টকারীকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম বলেন, “তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে আপত্তিকর মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে আবির আল আব্দুল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”