আজ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।
আজ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।   ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার জুলাই গণ–অভ্যুত্থানের সময় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেবেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ৬ জন গ্রেপ্তার থাকলেও বাকি ২৪ জন পলাতক।

গ্রেপ্তার আসামিদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের আসাদুজ্জামান মন্ডলসহ আরও অনেকে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। এই হত্যাকাণ্ডের অকাট্য প্রমাণ রয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাকালে পুলিশ তাঁর বুকে গুলি চালায়।এই নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে এবং আন্দোলনের গতিপথ বদলে দেয়।

এই মামলার রায়কে জুলাই গণ–অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ বিচারিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সারা দেশের মানুষের দৃষ্টি এখন ট্রাইব্যুনালের এই রায়ের দিকে।