ফ্যামিলি কার্ডের প্রলোভনে হোটেলে নিয়ে নারী ধর্ষণের অভিযোগ, সারাদেশ, নারী নির্যাতন, ফ্যামেলিকার্ড,
ফ্যামেলি কার্ডের নাম করে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে।   ছবি: সংগৃহীত

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে এক নারীকে কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৮ এপ্রিল) কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী, যিনি ফরিদপুর পৌরসভার বাসিন্দা, জানান—স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছেন। সম্প্রতি সুজন শেখ নামের এক ব্যক্তি তাকে সরকারি সহায়তার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২ এপ্রিল সকালে কার্ড করে দেওয়ার কথা বলে তাকে উপজেলা পরিষদে নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন সুজন। পরে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে সেটিকে অফিস বলে ভেতরে প্রবেশ করান। কক্ষে নেওয়ার পর দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।

ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফেরেন। হাসপাতালের ছাড়পত্রে যৌন হয়রানির বিষয়টি উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী এই ঘটনার বিচার দাবি করে বলেন, বিশ্বাস করে সাহায্যের আশায় গিয়েই তিনি প্রতারণার শিকার হয়েছেন।

অভিযুক্ত সুজন শেখ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরবিএ/আরটিএনএন