নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, তদন্তের দাবি পরিবারের।
নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু ।   ছবি: আরটিএনএন

নওগাঁ সদর উপজেলার দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা মোছাঃ রাহী মুনীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে এই প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল সন্ধ্যায় প্রসবজনিত জটিলতার কারণে রাহী মুনীকে ‘মেট্রো হাসপাতাল নওগাঁ’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টার দিকে ডা. ফাবলিহা সাদিয়া তার অস্ত্রোপচার সম্পন্ন করেন।

অভিযোগ রয়েছে, অপারেশনের কিছু সময় পর থেকেই রাহী মুনীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করলে চিকিৎসকরা প্রথমে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি আরও অবনতি হয়। পরদিন তাকে পুনরায় অপারেশন করা হয়, কিন্তু তাতেও অবস্থার উন্নতি হয়নি। এরপর তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে সেখানে চিকিৎসা সেবা দেওয়ার পরও তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে রাহী মুনীর অকাল মৃত্যু হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. ফাবলিহা সাদিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মেট্রো হাসপাতাল নওগাঁর ভারপ্রাপ্ত পরিচালক মোছাঃ সালমা আক্তার জানান, “আমরা রোগীকে সঠিক চিকিৎসা দিয়েছি। যেসব সমস্যার সৃষ্টি হয়েছে, তা সঠিকভাবে চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে বগুড়ায় রেফার করেছি।”

এদিকে, সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনায় সঠিক তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও বাড়তে পারে।