ভালুকায় বেশি দামে এলপিজি বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভালুকায় বেশি দামে এলপিজি বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা   ছবি: আরটিএনএন

ময়মনসিংহ জেলার ভালুকায় ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে দুই ডিলারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো হবিরবাড়ি এলাকার মেসার্স এন এন এন্টারপ্রাইজ এবং মীম এন্টারপ্রাইজ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত ১,৭২৮ টাকার ১২ কেজির এলপিজি সিলিন্ডার ২২০ টাকা বেশি নিয়ে ১,৯৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের কোনো বিক্রয় রশিদও দেওয়া হচ্ছিল না।

এসব অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুস ছালাম উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-১৪-এর একটি দল এবং স্থানীয় নিরাপদ খাদ্য পরিদর্শক।