বিশ্বকাপে এবারই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে এবারই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।   ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুতি তুঙ্গে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৃহৎ ফুটবল ইভেন্ট। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।

যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ম্যাচগুলোতে গ্যালারি পূর্ণ দেখতে আশাবাদী, তবে টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। গত বছরের ডিসেম্বরে সাধারণ দর্শকদের জন্য ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ টিকিটের দাম রাখা হয়েছিল ৬০ ডলার, কিন্তু বর্তমানে সেই টিকিট বাজারে নেই। এমনকি ফিফার অফিসিয়াল সাইটে এখনও ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে না।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা খেলবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে, কিন্তু উদ্বোধনী ম্যাচের পরদিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গ্যালারির সামনের সারির টিকিটের দাম ৪১০৫ ডলার (প্রায় ৫ লাখ টাকা) দাঁড়িয়েছে, যা এক সপ্তাহ আগেও ছিল ২৭৩৫ ডলার।

এছাড়া, ফাইনালের টিকিটের দামও নজর কাড়ছে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটমূল্য বর্তমানে ৮৬৮০ ডলার থেকে বেড়ে ১০,৯৯০ ডলার পর্যন্ত পৌঁছেছে। ক্যাটাগরি-২ এবং ক্যাটাগরি-৩ এর টিকিটের দামও যথাক্রমে ৭৩৮০ ডলার এবং ৫৭৮৫ ডলার।

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে বিতর্ক আরো জোরালো হয়ে উঠেছে ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামে নতুন একটি ক্যাটাগরি চালু হওয়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য অ্যাথলেটিক' এই খবর প্রথম প্রকাশ করলেও, ফিফা এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিশ্বকাপের টিকিটের দাম বাড়ানোর পেছনে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি দায়ী, যেখানে ম্যাচভেদে টিকিটের মূল্য কম-বেশি হতে পারে। এই পদ্ধতি ফুটবল ভক্তদের কাছে বিতর্কের জন্ম দিয়েছে, যেহেতু সাধারণ ক্যাটাগরির টিকিটকে প্রিমিয়াম স্তরে নিয়ে যাওয়ার মাধ্যমে ফিফা অতিরিক্ত অর্থ সংগ্রহ করছে, এমন অভিযোগ উঠেছে।

ফুটবল ভক্তদের অভিযোগ, ফিফার এই নতুন কৌশল রোমাঞ্চের বদলে বিশ্বকাপের উত্তেজনাকে ক্ষুণ্ণ করছে, এবং উচ্চমূল্য দেখে সাধারণ দর্শকদের বিশ্বকাপে অংশগ্রহণের স্বপ্ন ভেঙে যাচ্ছে।