যাত্রাবাড়ী
মাদক কারবারি করার সময় আহাদ শেখকে গ্রেপ্তার করা হয়।   ছবি: আরটিএনএন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আহাদ শেখ (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুতুবখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার একটি দল সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আহাদ শেখ দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে রাজধানীতে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।