শিক্ষা, পাবিপ্রবি, ইফতার, রমজান মাস, ২০ টাকায় ১০ আইটেম,
লাইন ধরে ইফতার কিনছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলে পাবিপ্রবিতে।   ছবি: আরটিএনএন

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মধ্যে সুলভ মূল্যে ইফতার পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী মঞ্জুরুল ইসলাম।

মাত্র ২০ টাকার বিনিময়ে তিনি শিক্ষার্থীদের কাছে ১০ আইটেমের ইফতার বিক্রি করছেন। ইফতার আইটেমগুলোর মধ্যে রয়েছে একটি ডিম, দুই পিস খেজুর, এক পিস আপেল, এক পিস পেয়ারা, একটি কলা, এক পিস জিলাপি, ছোলা, এক পিস বেগুনি, আলুর চপ এবং একটি স্যালাইন প্যাকেট।

মঞ্জুরুলের এ উদ্যোগ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন বিকেল চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে ইফতার নিতে জড়ো হন শিক্ষার্থীরা। ইফতার পৌঁছালে ছেলে ও মেয়েরা দুটি সারিতে দাঁড়িয়ে ইফতার সংগ্রহ করেন।

শিক্ষার্থীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নামমাত্র মূল্যে ইফতার কিনতে পারা স্বস্তিদায়ক। মঞ্জুরুলের মতো আরও শিক্ষার্থী যদি এমন মানবিক উদ্যোগ নেন, তাহলে ইফতার নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।

ইংরেজি বিভাগের ছাত্র ইশরাফুল পারভেজ বলেন, “এখানে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে স্বাস্থ্যকর খাবার পাচ্ছে। অন্য ক্যাম্পাসগুলোতে আমরা এ ধরনের উদ্যোগ দেখতে পাই। আমাদের ক্যাম্পাসে এমন উদ্যোগ দেখতে পেয়ে আমি সত্যিই আনন্দিত।”

সমাজকর্ম বিভাগের ছাত্রী আয়েশা রহমান বলেন, “ক্যাম্পাসে স্বল্প মূল্যে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগটি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়েছে। আমি এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।”

এদিকে, আগামীতে সুযোগ পেলে আরও মানবিক উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ছাত্রদল কর্মী মঞ্জুরুল ইসলাম।

তিনি বলেন, “আমরা শুরুতে স্বল্প মূল্যে সেহরি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু কিছু জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরে স্বল্প মূল্যে ইফতার বিতরণের সিদ্ধান্ত নেই। গত কয়েক দিনে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সুযোগ পেলে ভবিষ্যতেও এ ধরনের কাজ করতে চাই।”