জকসু, শিক্ষা, বাস, অ্যাপ, প্রযুক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
শিবিরের অর্থায়নে জকসুর উদ্যোগে উদ্বোধন হলো বাস ট্র্যাকার অ্যাপ।   ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে ‘জবি এক্সপ্রেস’ নামে বাস ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের জকসু ভবনে অ্যাপটি উদ্বোধন করা হয়। জকসুর দাবি, প্রশাসনের কাছ থেকে আর্থিক সহযোগিতা না পেয়ে শিবিরের অর্থায়নে এই ব্যয় বহন করা হয়েছে। পাশাপাশি অ্যাপটির ব্যবহারসংক্রান্ত নানা দিক নিয়ে কথা বলেন তারা।

এ সময় জকসুর সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, অ্যাপটি প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে। ঈদের আগে বা পরে শিক্ষার্থীরা প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে বলে আশা করা হচ্ছে। এর আগে ব্যবহারকারীদের সুবিধার্থে ‘জবি এক্সপ্রেস’ নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছিল, যেখানে প্রবেশ করে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কেবল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল দিয়ে সাইন ইন করতে হবে, যাতে বহিরাগত কেউ ব্যবহার করতে না পারে- সেটিও নিশ্চিত করা হবে। কোনো ত্রুটি পরিলক্ষিত হলে জকসুকে জানানোর অনুরোধ জানান রিয়াজুল।

তিনি আরও বলেন, বাস ট্র্যাকার অ্যাপ বাস্তবায়নে জকসুর আর্থিক সক্ষমতা না থাকায় শিবিরের সহযোগিতা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা মেলেনি বলেও অভিযোগ করেন তিনি।

জকসুর পক্ষ থেকে আরও বলা হয়, ছোটখাটো অবকাঠামোগত সমস্যা- যেমন দেয়ালে রং করা বা গাড়ির চাকা মেরামত- এসব উদ্যোগ নিয়ে তারা সমাধান করতে পারবেন। তবে হল নির্মাণ, ল্যাব স্থাপন ও শ্রেণিকক্ষ সংস্কারের মতো বড় প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

বাজেট বৈষম্যের প্রসঙ্গে তিনি বলেন, ৩০ হাজার শিক্ষার্থীর জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ থাকলে ১৭ হাজার শিক্ষার্থীর জন্য তার অর্ধেক হওয়া যৌক্তিক। কিন্তু জবির জন্য বরাদ্দ মাত্র ১৫৬ কোটি টাকা- এই বৈষম্য দূর করতে তারা কাজ করবেন।

তারা উল্লেখ করেন, ‘জবি এক্সপ্রেস’ অ্যাপ চালু হলে শিক্ষার্থীরা বাসের লাইভ অবস্থান ও সম্ভাব্য আগমনের সময় জানতে পারবেন।

অ্যাপ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এজিএস মাসুদ রানা, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম ও কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।