ইবিতে গুচ্ছের ভর্তি পরীক্ষায় এ ইউনিটে উপস্থিতি ৭৮ শতাংশ 
ইবিতে গুচ্ছের ভর্তি পরীক্ষা।   ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৭৮.৪৯ শতাংশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১০টি ভবনে ১ ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিজ্ঞান অনুষদের ডিন ও ইবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান এই তথ্য জানান। 

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর আসন ছিল যেখানে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী।  

এর আগে সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে। কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী, রাজশাহী, নওগাঁ সহ আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা ছাত্রসংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হেল্প ডেস্ক বসানো হয়েছে। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু ও সুন্দরভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। 

পরীক্ষার হল পরিদর্শন করে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে নেতৃত্ব দিয়েছে। গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা সামগ্রিকভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতিও বেশ ভালো। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও সুন্দরভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।