নোবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির 
নোবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র।   ছবি: আরটিএনএন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, ইমারজেন্সি ওষুধ, সুপেয় পানির ব্যবস্থা, লকার সুবিধা নিয়ে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্টলে পরীক্ষার্থীদের জন্য কলম ও সুপেয় পানির পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য লকার সুবিধা রাখা হয়েছে। এছাড়া অভিভাবকদের জন্য বিশ্রাম ব্যবস্থাও করা হয়। স্টলগুলোতে সংগঠনটির মাসিক পত্রিকা ও বার্ষিক নববর্ষের প্রকাশনাও প্রদর্শিত হয়।

তাদের তথ্যকেন্দ্রগুলোর নামকরণ করা হয়েছে শহীদ মু. আব্দুল খালেক হামিদ এবং শহীদ বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিনের নামে। অন্যদিকে গার্ডিয়ান লাউঞ্জের নাম রাখা হয়েছে শহীদ শরিফ ওসমান বিন হাদির।

নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদূর রহমান বলেন, ২০২৫-২৬ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগত শিক্ষার্থীদের নিয়ে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির নানাবিধ কার্যক্রম পরিচালনা করছি। 

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে।  তাদের এই ভোগান্তি লাঘব এবং মানসিকভাবে স্বস্তি দিতে আমরা প্রতিবছরের মতো এবারও সহায়তা কার্যক্রম পরিচালনা করছি।

আমরা সুপেয় পানির ব্যবস্থা করেছি, দূর থেকে আগত শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা রেখেছি, শিক্ষা উপকরণ বিতরণ, যানজট নিরসনে ট্রাফিকদের সাথেও আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছে, গুরুত্বপূর্ণ জিনিসপত্র সংরক্ষণের জন্য লকারের ব্যবস্থা রেখেছি পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো। 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা শেষে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।