দুই মাস পর মেয়ের নাম জানালেন রাজকুমার-পত্রলেখা।
দুই মাস পর মেয়ের নাম জানালেন রাজকুমার-পত্রলেখা।   ছবি: সংগৃহীত

দুই মাস পর মেয়ের নাম জানালেন রাজকুমার-পত্রলেখা। গেল বছর জুলাই মাসে রাজকুমার ও পত্রলেখা তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের জানিয়েছিলেন। ২০২৫-এর নভেম্বরে তাদের কোল আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান।

মেয়ের ছবি বা নাম এতদিন প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। আজ রোববার সকালে একটি পোস্ট দেন অভিনেতা রাজকুমার রাও। সঙ্গে ট্যাগ করেন স্ত্রী পত্রলেখাকেও।  

ছবিতে দেখা যায়, বাবা ও মায়ের হাতের মাঝে রয়েছে তাদের কন্যার হাত। ক্যাপশনে লেখেন, ‘হৃদয়ের সবটুকু আনন্দ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের জীবনের সেরা উপহার ও শ্রেষ্ঠ আশীর্বাদের পরিচয় করিয়ে দিচ্ছি— পার্বতী পাল রাও।’

বাঙালি মেয়ে পত্রলেখা। তাই মেয়ের নামের সঙ্গে বাঙালি ছোঁয়া রেখেছেন তিনি। এই তারকা দম্পতি দেবী দুর্গার রূপ পার্বতী, মেয়ের নামে আধ্যাত্মিক ছোঁয়াও রেখেছেন । 

তাদের এই পোস্টে বলিউড তারকাদের পাশাপাশি ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন।

২০২৫ সালের ১৫ নভেম্বর রাজকুমার রাও ও পত্রলেখার কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান। সেই দিনটি ছিল এই দম্পতির চতুর্থ বিবাহবার্ষিকী। 

প্রায় এক দশক আগে রাজকুমার ও পত্রলেখার সম্পর্কের শুরু হয়। ২০২১ সালের নভেম্বরে চণ্ডীগড়ে পারিবারিকভাবে বিয়ে করেন এই যুগল। ২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা; সেখান থেকেই তাদের পরিচয়।

এমআর/আরটিএনএন