মার্কিন পপ তারকা রিয়ানা, বেভারলি হিলসের বাসভবন, বন্দুক,  হামলা, লস এন্জেলেস, পুলিশ,
ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।   ছবি: বিবিসি

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাসভবনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে  লস এন্জেলেস পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পরে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

একজন পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজ–কে জানান, লক্ষ্যবস্তু করা বাড়িটি রিয়ানার মালিকানাধীন। ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র লস এন্জেলেস টাইমস–কে জানায়, ঘটনার সময় রিয়ানা ওই বাসভবনেই অবস্থান করছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সী এক নারী একটি গাড়িতে করে বাড়ির সামনে এসে সাতটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে রিয়ানার বাড়ি থেকে প্রায় আট মাইল দূরে সন্দেহভাজনের ব্যবহৃত গাড়িটি খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। তবে এখনো ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।