ঈদের আগে দুই দিন পোশাকশিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক।
ঈদের আগে দুই দিন পোশাকশিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক।   ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরদিন ১৯ মার্চ (বৃহস্পতিবার) ঈদের ছুটি থাকায় ওই দুই দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন–বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল বিক্রির সুবিধার্থে পোশাকশিল্প এলাকাগুলোতে ওই দুই দিন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন–ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে।

এ ক্ষেত্রে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা রাখতে বলা হয়েছে।

এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে। অফিস খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এ ছাড়া ছুটির দিনে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।