রাজশাহী, হাম, সংক্রমণ, ৩১ শতাংশ
রাজশাহী বিভাগে হামের সংক্রমণ ৩১ শতাংশে, উদ্বেগ বাড়ছে।   ছবি: আরটিএনএন

রাজশাহী বিভাগে হাম সংক্রমণের হার বেড়ে ৩১ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ, যা স্বাস্থ্য বিভাগের জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. হাবিবুর রহমান জানান,World Health Organization বিভাগের প্রতিটি জেলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে । এখন পর্যন্ত ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৬ মার্চ পর্যন্ত সংগৃহীত নমুনার ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ মার্চ পর্যন্ত ১৫৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়, তখন সংক্রমণের হার ছিল প্রায় ২৯ শতাংশ। অর্থাৎ, মাত্র আট দিনের ব্যবধানে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।

এদিকে, সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় একজন এবং পাবনায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর শিশু বিভাগের প্রধান অধ্যাপক শাহিদা ইয়াসমিন বলেন, হাসপাতালে দুটি আইসোলেশন ওয়ার্ড থাকলেও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নেই। এছাড়া ২০০ শয্যার বিপরীতে ঈদের আগে ৭০০-এর বেশি রোগী ভর্তি থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হামের রোগীদের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সব জায়গায় তা এখনও পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগিতায় কাজ চলছে বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক।