স্পেন, ট্রেন দুর্ঘটনা
ভয়াবহ এই দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন   ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগামী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। ধ্বংসস্তূপের ভেতর এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রধানমন্ত্রী সানচেজ প্রতিশ্রুতি দিয়েছেন, কেন এবং কীভাবে এই দুটি ট্রেনের সংঘর্ষ ঘটলো, তার সঠিক কারণ খুঁজে বের করা হবে।

রবিবার সন্ধ্যায় দেশটির আদামুজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ১২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। জানা গেছে, মাদ্রিদগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পাশের উল্টো দিকের ট্র্যাকে চলে যায় এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সেটির সংঘর্ষ ঘটে। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে স্পেনে এটিই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

রেল নেটওয়ার্ক অপারেটর ‘আডিফ’ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (১৮:৪৫ জিএমটি) এই সংঘর্ষ হয়। মালাগা থেকে মাদ্রিদগামী ট্রেনটি ছেড়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর কর্ডোবা শহরের কাছে একটি সোজা পথে লাইনচ্যুত হয়ে পড়ে।

স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, সংঘর্ষের তীব্রতায় দ্বিতীয় ট্রেনটির বগিগুলো ছিটকে একটি বাঁধের (এমব্যাঙ্কমেন্ট) ওপর গিয়ে পড়ে। তিনি আরও জানান, নিহত ও আহতদের বেশিরভাগই ছিলেন দ্বিতীয় ট্রেনটির সামনের বগিগুলোতে। এই দ্বিতীয় ট্রেনটি মাদ্রিদ থেকে দক্ষিণে হুয়েলভার দিকে যাচ্ছিল।

উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রেনের বগিগুলো দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া মানুষদের বের করে আনা কঠিন হয়ে পড়েছে। সোমবার বিকেলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী সানচেজ। সাংবাদিকদের তিনি বলেন, “এটি সমগ্র স্পেনের জন্য, আমাদের পুরো দেশের জন্য একটি শোকের দিন।”

তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করে তিনি আরও বলেন, “আমরা সত্য উদঘাটন করব, আমরা উত্তর খুঁজে বের করব। যখন এই ট্র্যাজেডির মূল কারণ জানা যাবে—যা জানা ছাড়া উপায় নেই—তখন পূর্ণ স্বচ্ছতা ও স্পষ্টতার সঙ্গে আমরা তা জনসমক্ষে প্রকাশ করব।” এদিকে পরিবহন মন্ত্রী পুয়েন্তে ঘটনাটিকে "অত্যন্ত অদ্ভুত" হিসেবে বর্ণনা করে বলেছেন, দুর্ঘটনার তদন্ত শেষ হতে অন্তত এক মাস সময় লাগতে পারে।

সূত্র : বিবিসি

আরটিএনএন/এআই