স্পেন, ট্রেন দুর্ঘটনা
এবার বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত ৩৭ জন যাত্রী আহত হয়েছেন   ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটেছে দেশটিতে। এবার বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত ৩৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গেলিডা (Gelida) এবং সান্ত সাদর্নি (Sant Sadurní) স্টেশনের মাঝামাঝি এলাকায় ‘রোডালিস’ (Rodalies) নামের কমিউটার ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রবল ঝড়ের কারণে একটি রিটেইনিং ওয়াল বা প্রতিরক্ষা দেয়াল ধসে রেললাইনের ওপর পড়লে ট্রেনটি তার সঙ্গে ধাক্কা খায় এবং লাইনচ্যুত হয়।

উদ্ধার তৎপরতা ও হতাহতের খবর :
দুর্ঘটনার সময় স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল। কাতালোনিয়া আঞ্চলিক ফায়ার ইন্সপেক্টর ক্লদি গ্যালার্দো জানান, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। বার্সেলোনা থেকে প্রায় ৩৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দুর্ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় জরুরি সেবাদানকারী দল। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, উদ্ধারকাজে ৩৫টি ইউনিট এবং ১১টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। ট্রেনের ভেতরে আটকে পড়া এক যাত্রীকেও তারা সফলভাবে উদ্ধার করেন। পরবর্তীতে পুরো এলাকায় তল্লাশি চালিয়ে নিশ্চিত করা হয় যে আর কোনো ভুক্তভোগী সেখানে নেই।

জরুরি চিকিৎসা সেবা বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর, ৬ জনের অবস্থা শঙ্কামুক্ত এবং ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ মজেস ব্রোগি, বেলভিটজ এবং ভিলা ফ্রাঙ্কা হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, খারাপ আবহাওয়ার কারণে স্পেনের পূর্ব ও উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকাগুলোতে আগে থেকেই উচ্চ সতর্কতা জারি ছিল। এর আগে গত রোববার স্পেনের দক্ষিণাঞ্চলে আরও একটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।

সূত্র : বিবিসি

আরটিএনএন/এআই