দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।   ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ই–মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি দেওয়া হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এসব হুমকি বার্তা পাওয়া যায়। বার্তায় আজ দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়। হুমকি পাওয়ার পরপরই সংশ্লিষ্ট স্কুলগুলোতে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছে তল্লাশি শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। কিছু স্কুলে ক্লাসও বাতিল করা হয়েছে।

দিল্লি পুলিশ জানায়, যেসব স্কুলে হুমকি দেওয়া হয়েছিল, সেগুলোর সবকটিতেই তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানায়, হুমকিমূলক ই–মেইল বার্তায় উসকানিমূলক ভাষা ব্যবহার করা হয়েছে। সেখানে ‘দিল্লি খালিস্তানে পরিণত হবে’—এমন বক্তব্যের পাশাপাশি খালিস্তান ন্যাশনাল আর্মির উল্লেখ রয়েছে। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফজাল গুরুর নামও ই–মেইলে উল্লেখ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ওই ই–মেইলে আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতের পার্লামেন্টে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং হুমকির উৎস শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

টাইমস নাও’র খবরে এসব তথ্য জানানো হয়েছে।

রায়হান/আরটিএনএন