ইসফাহানে ভূপাতিত মার্কিন সি-১৩০ বিমান
ইসফাহানে ভূপাতিত মার্কিন সি-১৩০ বিমান   ছবিঃ আইআরইবি

ইরানের দক্ষিণ ইসফাহান এলাকায় মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। 

রবিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ ঘালিবাফ ঘটনাস্থলের ছবি প্রকাশ করে এমন দাবি করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন ও ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে সবচেয়ে সরব কণ্ঠস্বরগুলোর একটি তিনি। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও বিধ্বস্ত বিমানের ফুটেজ প্রচার করা হচ্ছে। তেহরান এই ঘটনাকে নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরছে। এটি সরাসরি চ্যালেঞ্জ করছে ওয়াশিংটনের সেই দাবিকে, যেখানে বলা হয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কার্যকর নয়।

এই ঘটনার মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ওয়াশিংটন থেকে আগামী কয়েক ঘণ্টা ও দিনের মধ্যে ইরানের অবকাঠামোয় নতুন হামলার হুমকি আসছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি দাবি ও হুমকির মাঝে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল-আনবিয়া জানিয়েছে, আগে ভূপাতিত হওয়া মার্কিন পাইলটদের উদ্ধার করতে এই বিমানগুলো পাঠানো হয়েছিল।

 সামরিক সদর দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়েছে, 'শত্রুপক্ষের মরিয়া ও আক্রমণাত্মক পাইলট উদ্ধার তৎপরতার জবাবে তাদের বিমানগুলো ধ্বংস করা হয়েছে।' 

উল্লেখ্য, ইরানের এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং মার্কিন পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রঃ আল-জাজিরা