ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণাল
হরমুজ প্রণালী   ছবি: সংগৃহীত

ফ্রান্স এবং ইতালি হরমুজ প্রণালী দিয়ে নিজেদের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে এফটি জানায়, ইউরোপীয় দেশগুলো মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রপ্তানি পুনরায় চালু করার উপায় খুঁজছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আলোচনা এখনো ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছে। আল জাজিরা স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স আলাদা এক প্রতিবেদনে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর হরমুজ প্রণালীকে ‘সুরক্ষিত’ করতে একটি জোট গঠন করছে ফ্রান্স। দুজন ফরাসি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ইতিমধ্যেই ইউরোপীয়, এশীয় এবং উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। তাদের পরিকল্পনা হলো, যুদ্ধজাহাজ দিয়ে প্রণালী অতিক্রমকারী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে নিয়ে যাওয়া।

জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিইএসআইএফও’ (CESifo)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ৬.২ শতাংশ এবং এলএনজির ৮.৭ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়েছিল।

সূত্র : রয়টার্স ও আল জাজিরা

আরটিএনএন/এআই