যুদ্ধ, তেল, ইরান, হরমুজ প্রণালী, ইন্ডিয়া, আন্তর্জাতিক,
সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী লাইবেরিয়ার ট্যাংকার ‘শেনলং সুয়েজম্যাক্স’   ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজকে নিরাপত্তা প্যাসেজ দেওয়ার পরিবর্তে ইরান ভারতের কাছে তিনটি ট্যাংকার ফেরত চেয়েছে। জব্দকৃত জাহাজের নাম অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি। এ ছাড়াও ইরানের রাষ্ট্রদূত ভারতের কাছে তাদের জন্য জরুরি ওষুধ ও মেডিকেল সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

জব্দকৃত জাহাজগুলোর মধ্যে স্টেলার রুবি ইরানের মালিকানাধীন, আর আল জাফজিয়া এবং অ্যাসফেল্ট স্টার যথাক্রমে মালি ও নিকারাগুয়ার পতাকাবাহী। ফেব্রুয়ারিতে বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে ভারতের নৌবাহিনী ও কোস্টগার্ড এই তিনটি জাহাজ জব্দ করেছিল। বর্তমানে তারা মুম্বাই বন্দরে অবস্থান করছে।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানাচ্ছে, গতকাল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে তিনি এই তিনটি জাহাজ ফেরত চেয়েছেন এবং ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও মেডিকেল সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে চলাচল করা তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই রুট ব্যবহার করে। এটি ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবেও পরিচিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরান এই রুটে জাহাজ চলাচলে বিধিনিষেধ জারি করেছে। গত ১৫ দিনে বিভিন্ন দেশের ১২টিরও বেশি ট্যাংকার হামলার শিকার হলেও, ভারতের কোনো জাহাজে হামলা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি নির্দেশ দিয়েছেন, হরমুজে চলাচলকারী ভারতীয় জাহাজে হামলা না করা হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, এটি ভারতের সঙ্গে ইরানের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ঘটে, কোনো লুকোছাপা নেই। এ পর্যন্ত ইরান হরমুজে ভারতের চারটি জ্বালানিবাহী ট্যাংকারকে নিরাপদ প্যাসেজ দিয়েছে।