যুক্তরাষ্ট্র, গণহত্যা
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নতুন একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সম্প্রতি কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এ প্রস্তাবটি উত্থাপন করেন।

প্রস্তাবে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ, লাখো মানুষের বাস্তুচ্যুতি এবং নারীদের ওপর সংঘটিত নির্যাতনের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনার জন্য কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।

এতে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর দ্বারা পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, একাত্তরে জামায়াত পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছিল এবং তাদের বিচারের আওতায় আনার বিষয়টিও গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রস্তাবে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত ‘জেনোসাইড’ প্রতিবেদন এবং ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো ‘ব্লাড টেলিগ্রাম’-এর উল্লেখ করে বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’ ছিল একটি পরিকল্পিত গণহত্যা।

এই প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের কাছে ১৯৭১ সালের এই নৃশংস ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস সংরক্ষণের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।