ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প   ছবি: সংগৃহীত

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি নতুন বিবৃতি দিয়েছেন। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার জন্য ট্রাম্পের দেওয়া সময়সীমা বা আলটিমেটাম ঘনিয়ে আসায় তিনি এই কটাক্ষ করেন।

ইংরেজিতে দেওয়া একটি ভিডিও বার্তায় জুলফাগারি বলেন, “হেই ট্রাম্প, তোমার চাকরি শেষ! (YOU’RE FIRED!) তুমি নিশ্চয়ই এই বাক্যটির সঙ্গে পরিচিত। বিষয়টি মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাকে ধন্যবাদ।” উল্লেখ্য, হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের জ্বালানি গ্রিডে হামলার হুমকি দেওয়া হয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই হুমকি বাস্তবায়ন করে, তবে তারাও পাল্টা কঠিন ও শাস্তিমূলক জবাব দেবে।

এদিকে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন অভিযোগ করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে নিজের পরাজয় এখনও মেনে নিতে পারেননি। আর ঠিক এই কারণেই তিনি “আমাদের সন্তানতুল্য সেনাদের যুদ্ধে পাঠাচ্ছেন।”

কেইন মার্কিন সংবাদমাধ্যম ‘জাস্ট দ্য নিউজ’-এর একটি প্রতিবেদনের সূত্র উল্লেখ করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ট্রাম্প যাতে নির্বাচিত হতে না পারেন, সেজন্য ইরান ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে কেইন বলেন, “কংগ্রেসের রিপাবলিকানরা কি বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছেন?”

এর আগে, ইরানে স্থলবাহিনী মোতায়েনের বিষয়েও সতর্কবার্তা দিয়েছিলেন কেইন। তিনি বলেছিলেন, সেনা মোতায়েন করা হলে তা “ট্রাম্পের এই অপ্রয়োজনীয় ও অবিবেচনাপ্রসূত যুদ্ধকে... আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবে।”

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই