কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক সমাধানের যে সুযোগ এখনো আছে, তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম রয়টার্স। 

জানা গেছে, আল-আনসারি বলেছেন, 'আমরা এমন একটি বিন্দুর কাছাকাছি পৌঁছে যাচ্ছি, যেখান থেকে অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।'

তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে কোনো পক্ষই শেষ পর্যন্ত লাভবান হবে না। তাঁর ভাষায়, 'এই যুদ্ধ চলতে থাকলে কোনো বিজয়ী নেই।'

বেসামরিক এলাকা ও জ্বালানি অবকাঠামোয় হামলার বিষয়েও সরাসরি অবস্থান নিয়েছেন কাতারের এই মুখপাত্র। তিনি বলেন, যেকোনো পক্ষের তরফ থেকে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার প্রসঙ্গে তিনি বলেন, 'হরমুজ একটি প্রাকৃতিক প্রণালি, কোনো খাল নয়। অঞ্চলের সব দেশেরই এটি অবাধে ব্যবহারের অধিকার রয়েছে।'

কাতারের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন একদিকে ইরান-ওমানের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে, অন্যদিকে ওয়াশিংটন থেকে নতুন হামলার হুমকি আসছে। দোহার এই সতর্কবার্তা স্পষ্ট করে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো সংঘাতের ভয়াবহ পরিণতি নিয়ে কতটা শঙ্কিত তারা।