ইরানের নাগরিকদের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
ইরানের নাগরিকদের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।   ছবি: সংগৃহীত

ইরানের নাগরিকদের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করা এবং রেললাইন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ট্রেনে ও রেললাইনের আশেপাশে অবস্থান আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।’ সতর্কবার্তাটি আইডিএফ তাদের ফার্সি ভাষার এক্স (সামাজিক যোগাযোগমাধ্যম) অ্যাকাউন্টে প্রকাশ করেছে।

এদিকে এই সতর্কবার্তা এমন সময় দেওয়া হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে ইরানের বেসামরিক অবকাঠামো, যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্র, লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি