ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পরও গতকাল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।   ছবি: আল-জাজিরা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে চলমান কূটনৈতিক আলোচনা অর্থহীন হয়ে পড়বে।

পেজেশকিয়ান আরও জানান, যেকোনো পরিস্থিতিতে ইরান লেবাননের জনগণের পাশে থাকবে এবং তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, লেবানন এই যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লেবাননসহ সমগ্র ‘প্রতিরোধ অক্ষ’ ইরানের মিত্র হিসেবে এই চুক্তির অন্তর্ভুক্ত।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

উল্লেখ্য, ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালায়, যাতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে যেকোনো স্থানে গিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানো হবে।

সূত্র: আল–জাজিরা