আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরান
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।   ছবি: আল-জাজিরা

আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

খাতিবজাদেহ বলেন, যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু মৌলিক শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য লেবাননকে যেকোনো আলোচনার অন্তর্ভুক্ত করা অপরিহার্য। এ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বলেছিলেন, লেবানন এই যুদ্ধবিরতির অংশ হওয়া উচিত।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে যেকোনো স্থানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল।

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করেছে।

সূত্র: আল–জাজিরা