হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি নিয়ে ইরানের নতুন প্রস্তাব
হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি নিয়ে ইরানের নতুন প্রস্তাব।   ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধের একটি প্রস্তাব উঠেছে দেশটির পার্লামেন্টে। ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে ট্রানজিট ফি হিসেবে ইরানের নিজস্ব মুদ্রা ‌‌‘রিয়াল’ প্রদান করতে হবে।

হরমুজ প্রণালি নিয়ে একটি কৌশলগত প্রস্তাবের মাধ্যমে ইরান সরকার ওমানের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে। এর ফলে এই অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও বৃদ্ধি পাবে।

প্রস্তাবটি বর্তমানে ইরানের পার্লামেন্টের একটি বিশেষ কমিশনে পর্যালোচনার অধীনে রয়েছে। সেখানে যাচাই-বাছাই শেষে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ণ সংসদে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে একটি কৌশলগত প্রস্তাবের মাধ্যমে ইরান সরকার ওমানের সঙ্গে একযোগে কাজ করতে পারে এবং গুরুত্বপূর্ণ এই জলপথে নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। 

তিনি বলেন, প্রস্তাবটি বর্তমানে পার্লামেন্টের একটি কমিশনে পর্যালোচনাধীন রয়েছে এবং এরপর তা পূর্ণ সংসদে উপস্থাপন করা হবে।