রাজধানীর তেজগাঁওয়ে একদিনে গ্রেপ্তার ৬৭ 
রাজধানীর তেজগাঁওয়ে একদিনে গ্রেপ্তার ৬৭ ।   ছবি: আরটিএনএন

রাজধানীর তেজগাঁও বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।

ডিএমপি সূত্র জানায়, তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৭ জন, পুরাতন মামলার ১০ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন আসামি রয়েছে। 

এছাড়া ডিএমপি অধ্যাদেশের আওতায় ৪৬ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।