আজ শেষ দিনের মত শুনানির আপিল আবেদনের কার্যক্রম শুরু হয়েছে
আজ শেষ দিনের মত শুনানির আপিল আবেদনের কার্যক্রম শুরু হয়েছে   ছবি: সংগৃহীত

আজ শেষ দিনের মত শুনানির আপিল আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে এ আপিল করা হয়। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয়েছে আপিল শুনানি। 

আজ ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে পেন্ডিং থাকা আপিল আবেদনের শুনানিগুলো অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ৪৫টি আপিল মঞ্জুর হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন। 

এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। 

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহন চলবে। 

এমআর/আরটিএনএন