আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। আগামীকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) তপশিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবে। ইতিমধ্যে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে। এদিকে নিবন্ধিত ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে।
ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের (মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের) বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ ছিল। নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আপিল ইসিতে জমা পড়ে। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ৪১৯ জন। আর রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হলেও আপিলে মনোনয়নপত্র বাতিল হয় ছয় জনের।
আজ ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর আগামীকাল নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে এবং প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেবে ইসি। আগামী পরশু থেকে শুরু হবে প্রচারণা ।
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসি-র। আজ মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এ সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট দেয়ার সার্বিক প্রক্রিয়া নিয়ে দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। গতকাল ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, ‘আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি প্রচার-প্রচারণা শুরু হবে।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬ অনুচ্ছেদে দলীয় মনোনয়ন ও প্রার্থিতা প্রত্যাহারের বিধানে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত প্রার্থী তার সইযুক্ত কোনো লিখিত নোটিশের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখ বা তার আগে নিজে অথবা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।
যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একটি নির্বাচনি এলাকায় একের অধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত লিখিত পত্রের মাধ্যমে তিনি নিজে বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত তারিখ বা তার পূর্বে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে রিটার্নিং অফিসারকে অবহিত করবেন এবং সেক্ষেত্রে উক্ত দলের অন্যান্য প্রার্থী আর প্রার্থী হিসেবে গণ্য হবেন না।
মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য লিখিত নোটিশ দেওয়া হলে বা রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হলে কোনো অবস্থাতেই তা প্রত্যাহার বা বাতিল করা যাবে না।
প্রার্থিতা প্রত্যাহারের নোটিশ এবং রাজনৈতিক দল কর্তৃক প্রদত্ত চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে রিটার্নিং অফিসার যদি সন্তুষ্ট হন যে স্বাক্ষর সংশ্লিষ্ট প্রার্থীর বা দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তির, সেক্ষেত্রে রিটার্নিং অফিসার উক্ত নোটিশের একটি অনুলিপি তার কার্যালয়ের দর্শনীয় স্থানে টানিয়ে প্রদর্শনের ব্যবস্থা করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে ইসি। এবারই প্রথম সংসদ নির্বাচনের পাশাপাশি একই কেন্দ্রে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া প্রথম বারের মতো যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম ও অবস্থান।
সোমবার ইসির উপসচিব মনির হোসেন জানান, নির্বাচন কমিশনের অনুমোদনের পর আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ১৫ জানুয়ারি থেকে গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান রয়েছে। ইসি জানিয়েছে, ৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ ভোটার, ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্রে ২ লাখ ৪৫ হাজারেও বেশি ভোটকক্ষ থাকবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট নেওয়ার সুবিধার্থে প্রতি ভোটকক্ষে সিল দেওয়ার গোপনকক্ষ (মার্কিং প্লেস) বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশনের আদেশে ইসির উপসচিব (নির্বাচন সহায়তা সরবরাহ) মো. হুমায়ুন কবির সই করা ভোটকেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনি এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটার এলাকার না, ভোটকেন্দ্রের সংখ্যা (মহিলা, পুরুষ, হিজড়া), পুরুষ ও মহিলা ভোটকন্দ্র এবং গোপনকক্ষের বৃদ্ধি করা সংখ্যা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যাও তুলে ধরা হয়েছে গেজেটে। জেলা প্রশাসক কার্যালয়ে পোস্টাল ব্যালট পেপার গণনা কেন্দ্রের নাম ও অবস্থান, পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা (পুরুষ, নারী, হিজড়া) উল্লেখ রয়েছে।
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে ইসি। গত জুলাইয়ে একটি নির্বাচনি কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত পথনকশা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম। সোমবার (১৯ জানুয়ারি) এই রোড ম্যাপ প্রকাশ করা হয়, যা ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা স্বীকার করেন।
ঘোষিত পথনকশার তথ্যমতে, আগামী ২২ জানুয়ারি ৩০০ সংসদীয় আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। এর পর ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির আরেকটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। আর ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনিসামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি। ভোটগ্রহণের জন্য তৈরি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তা-ই চায়। তিনি বলেন, ‘সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। ইসি বড় সমস্যার সম্মুখীন এখনো হয়নি। রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি ও ব্যবস্থা নিচ্ছি।’ এই নির্বাচন কমিশনার আরো বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে যে আপিল হয়েছিল, সেটার শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!