বায়ুদূষণ, ঢাকা
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তথ্য প্রকাশ করেছে।   ছবি: সংগৃহীত

বিশ্বের ১০০টি নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (AQI) ছিল ২৫৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। নগরীর অন্তত আটটি এলাকায় বায়ুদূষণের মাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে একটি এলাকায় বায়ুর মান ৪০০ ছাড়িয়ে গেছে, যা ‘বিপর্যয়কর’ অবস্থাকে নির্দেশ করে।

একই সময়ে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা এবং মিসরের রাজধানী কায়রো। নগর দুটির বায়ুর মান ছিল ২৪৭ ও ২২৭।

বিশেষজ্ঞদের মতে, বায়ুর মান সূচক ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ অতিক্রম করলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে এবং তাৎক্ষণিক সূচকের মাধ্যমে নির্দিষ্ট শহরের বাতাস কতটা দূষিত, সে সম্পর্কে মানুষকে সতর্ক করে। ঢাকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে নাগরিকদের জন্য বেশ কিছু স্বাস্থ্যগত পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

আইকিউএয়ারের তথ্যমতে, গত জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময়জুড়েই বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের এই অসহনীয় বায়ুদূষণের কারণে নগরবাসীর মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা বাড়ছে এবং আগের তুলনায় এসব সমস্যা এখন বেশি প্রকটভাবে অনুভূত হচ্ছে।

ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

পর্যবেক্ষক ও বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে গৎবাঁধা বক্তব্য ও লোকদেখানো কিছু উদ্যোগ ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। শুধু ঢাকাই নয়, দেশের অন্যান্য এলাকাতেও বায়ুদূষণের মাত্রা বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে ঢাকার বাইরের অঞ্চলে দূষণের পরিস্থিতি আরও ভয়াবহ।

বর্তমানে বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম রয়েছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক হলেও এর বাস্তব সুফল মিলছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের ভাষ্য, বায়ুদূষণের স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে যানবাহন ও কলকারখানার বিষাক্ত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, খোলা জায়গায় বর্জ্য ও বিভিন্ন দ্রব্য পোড়ানো এবং ইটভাটা।

ঢাকার ৮ এলাকায় বায়ুর মান ‘খুব খারাপ’

আজ সকাল সোয়া ৮টায় ঢাকার যেসব এলাকায় বায়ুর মান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, সেগুলো হলো—

১. নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড: ৪০৮

২. ধানমন্ডি: ২৯৩

৩. দক্ষিণ পল্লবী: ২৭৮

৪. বেচারাম দেউড়ি: ২৭৩

৫. মিরপুরের ইস্টার্ন হাউজিং: ২৬৯

৬. বে’জ এইজ ওয়াটার: ২৫৬

৭. গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল: ২৩৬

৮. গোরান: ২১৩

সুরক্ষায় নগরবাসীর জন্য পরামর্শ

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলার পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।