অটোরিকশা, টাঙ্গাইল
আমতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।   ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান।

নিহত ব্যক্তিরা হলেন, ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন খুকু (৭০)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘী বাজারের দিকে যাচ্ছিল। পথে আমতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।