জাতীয় নির্বাচনে কোন দল পেল কত ভোট
জাতীয় নির্বাচনে কোন দল পেল কত ভোট।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন কোটি ৭৪ লাখের বেশি ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুই কোটি ৩৮ লাখেরও বেশি ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীও ভোটের মাঠে বড় চমক দেখিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধীদলের ভূমিকায় রয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝুড়িতে গেছে ২২ লাখের বেশি ভোট।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যে এসব জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৯০ জন প্রার্থী পেয়েছে তিন কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৩৮ ভোট, যা মোট ভোটের ৪৯.৯৭ শতাংশ। এরপরেই দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৭ জন প্রার্থী পেয়েছে দুই কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৬৩৯টি ভোট, যা মোট ভোটের ৩১.৭৬ শতাংশ।

শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২২ লাখ ৮৬ হাজার ৭৯৫ ভোট, যা মোট ভোটের ৩.০৫ শতাংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০ লাখ ২৩ হাজার ৯৬৬ ভোট এবং বাংলাদেশ খেলাফত মজলিস ১৫ লাখ ৬৪ হাজার ৯২৪ ভোট পেয়েছে।

এছাড়া ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৪৩ লাখ ৩৯ হাজার ৮৩৪ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৫.৭৯ শতাংশ।

জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পড়েছে এবার চরম বিপর্যয়ের মুখে। ১৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও দলটি ভোট পেয়েছে মাত্র ৬ লাখ ৬৯ হাজার ৮২টি (০.৮৯%)।

এছাড়া গণঅধিকার পরিষদ প্রায় ২ লাখ ৪৪ হাজার এবং এবি পার্টি ২ লাখ ১০ হাজার ভোট পেয়েছে। পাশাপাশি ১০ হাজার থেকে ৫০ হাজারের ঘরে ভোট পেয়েছে ১২টি দল। এর মধ্যে নতুন নিবন্ধন পাওয়া জনতার দল ৩৭ হাজার ৪০১ ভোট এবং বাসদ (মার্কসবাদী) পেয়েছে ১৩ হাজার ২৩৫ ভোট।

নির্বাচনে অনেকে এক হাজার থেকে ১০ হাজার ভোটের বৃত্তে আটকে ছিলেন। প্রভাবশালী নেতা মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য পেয়েছে ৬ হাজার ৮৯৯ ভোট। অনশন করে নিবন্ধন পাওয়া তারেকের আমজনতার দল সারা দেশে পেয়েছে ৬ হাজার ২০৯ ভোট। আর ড. কামাল হোসেনের প্রতিষ্ঠিত গণফোরাম পেয়েছে মাত্র ৫ হাজার ৬৬ ভোট।

এছাড়া নির্বাচনে অংশ নেওয়া ৫টি দল সারা দেশে এক হাজার ভোটও সংগ্রহ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ সমঅধিকার পার্টি।