রাষ্ট্রপতি, নারীর অধিকার
ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রপতি।   ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, নারীর অধিকার নিশ্চিত করতে সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন। বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা গ্রহণ করেছে।

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিন অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে মরণোত্তর অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়, যা নাতনি ব্যারিস্টার জাইমা রহমান গ্রহণ করেন। এছাড়াও ৮ বিভাগে ৩৯ জন নারীর মধ্যে ৫ নারীকে পুরস্কৃত করা হয়।

নারী দিবসের আলোচনা সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, নারীর শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন তারেক রহমান।

অনুষ্ঠানে সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন এবং নারী শক্তি ও নেতৃত্বের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।