ভোট, জাতীয়, রাজনীতি, ফলাফল,
আমিনুল হক।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হক।

রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

আমিনুল হক বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে আমিনুলের প্রতিদন্দি আব্দুল বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়েছেন। অন্যদিকে আমিনুল হক পান ৮৫ হাজার ৪৬৭ ভোট।

তবে ভোটে হারলেও বিএনপি নেতৃত্বাধীন নব গঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন আমিনুল হক।

এর পূর্বে ১৫ জনেরও অধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে অবিযুক্ত আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন। 

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ করা হয়েছে, যে এই বেঞ্চ অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ‘নির্বাচনি’ আবেদনপত্র সম্পর্কিত বিষয়াদি দেখবে। এছাড়া এই বেঞ্চে স্থানান্তরিত অন্যান্য বিষয়সমূহের রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানিও পরিচালিত হবে।

আরবিএ/আরটিএনএন