পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত তেল বিক্রিতে নানা সমস্যা।
পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত তেল বিক্রিতে নানা সমস্যা।   ছবি: আরটিএনএন

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে। তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় অনেক জায়গায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফলে পাম্প কর্তৃপক্ষকে একদিকে যেমন নিরাপত্তা সামলাতে হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত তেল বিক্রি নিয়েও নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

শুক্রবার সরেজমিনে রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, সকাল থেকেই গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। কেউ কেউ কয়েক ঘণ্টা অপেক্ষা করেও সীমিত পরিমাণ তেল পাচ্ছেন। অনেক ক্ষেত্রে পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য চালকদের নির্দেশনা দেওয়া হচ্ছে।

পাম্পের দায়িত্বে থাকা কর্মী মো. রবিউল ইসলাম বলেন, “আগের তুলনায় এখন অনেক বেশি মানুষ একসাথে তেল নিতে আসছে। তাই আমরা নিরাপত্তা বাড়িয়েছি এবং লাইনের বাইরে কাউকে তেল দিচ্ছি না।” তিনি আরও জানান, অনেক সময় অতিরিক্ত তেল বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। কারণ সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া যাচ্ছে না। ফলে অনেক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীদের সাথে তর্কে জড়িয়ে পড়ছেন।

পাম্পে তেল নিতে আসা এক মোটরসাইকেল চালক মো. আরিফ হোসেন বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু শেষে এসে মাত্র অল্প তেল দেওয়া হচ্ছে। এতে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।”

পাম্প কর্তৃপক্ষ বলছে, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় তারা স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে হিমশিম খাচ্ছেন। অনেক সময় পাম্পে নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে তেল বিক্রি বন্ধ করে দিতে হয়, এতে করে অনেক চালক তেল না পেয়েই ফিরে যাচ্ছেন।এতে কর্মীদের নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে কেননা সাধারণ মানুষ ঘণ্টা অপেক্ষার পর তেল না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তাদের উপর।

কিছু পাম্পে লাইনে দাঁড়ানো নিয়ে চালকদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতেও দেখা গেছে।