দূষিত শহর, আবহাওয়া
ঢাকায় দিন দিন বাড়ছে দূষণের মাত্রা।   ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্বে দূষিত শহরের তালিকায় এখন ১৪তম স্থানে অবস্থান করছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রাজধানীর বায়ুমানের একিউআই স্কোর ১২৪। এই স্কোর সাধারণ মানুষের জন্য সামান্য উদ্বেগজনক নয়, তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। 

তথ্যটি শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় প্রকাশ করা হয়েছে।

একই সময়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরের স্কোর ২১৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে ষষ্ঠ অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর লাহোরের বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম রয়েছে। শহরটির বায়ুমানের স্কোর ১৬৫ হলেও বাতাস ‘অস্বাস্থ্যকর’ রয়েছে। 

দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের বায়ুমানের স্কোর ১৯১। তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর কলকাতার স্কোর ১৬৮। বায়ুমানের দুটি স্কোরই অস্বাস্থ্যকর। 

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।