জাতীয়, ইয়াবা, আটক, পুলিশ,
ইয়াবাসহ আট অভিযুক্ত দুই জন।   ছবি: আরটিএনএন

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২) নামের দুই ইয়াবা পাচারকারীকে যথাক্রমে ৪৪০০ ও ৩৮০০ পিস, মোট ৮২০০ (আট হাজার দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে প্রথমে মো. জুবায়েরকে ৪৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক জুবায়েরের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর ইয়াবা পাচারকারী মো. হেদায়েতুল্লাহকে পৃথক অভিযানে আটক করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এর আগে তারা বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছে। ইয়াবা পাচারকারী এই দুই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা।

রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।