যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় ৮২ হাজার ৬০১ গাড়ি পারাপার।
যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় ৮২ হাজার ৬০১ গাড়ি পারাপার।   ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে যমুনা সেতুতে গত ৪৮ ঘণ্টায় ব্যাপক যানবাহন পারাপার হয়েছে। রোববার (১৫ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত এই সময়ে মোট ৮২ হাজার ৬০১টি গাড়ি যমুনা সেতু পার করেছে, যার ফলে টোল আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে পুলিশ জানায়, সোমবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। তবে বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত মহাসড়কে কোথাও যানজট দেখা যায়নি। গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পাচ্ছেন যাত্রীরা, ফলে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত তা হয়নি।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৪৪৫টি গাড়ি ঢাকাগামী এবং ২৭ হাজার ৪৯৮টি যানবাহন উত্তরবঙ্গগামী ছিল। এর বিপরীতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের চাপ বাড়ার কারণে সেতুতে মোট ৯ থেকে ১৮টি বুথে টোল আদায় চলছে। এছাড়া, মোটরসাইকেলের জন্য পৃথক দুটি বুথ করা হয়েছে দুই পাড়ে।

এদিকে, যমুনা সেতু ১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে সেতু কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে এবং বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন (সিএনসি) টোল আদায়ের দায়িত্ব পালন করছে। 

এমআর/আরটিএনএন