বাংলাদেশি, ইরান
আজারবাইজান থেকে বিশেষ ব্যবস্থায় ইরানে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার।   ছবি: সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে আগামী ১৯ মার্চ প্রায় ২০০ বাংলাদেশিকে ইরান থেকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফিরিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানের রাজধানী তেহরান থেকে এসব বাংলাদেশিকে প্রথমে সড়কপথে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে তাঁদের ঢাকায় আনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজারবাইজান থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো হবে। এ প্রক্রিয়া তদারকের জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে।

রাষ্ট্রদূত এম আমানুল হক বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে ইরান থেকে আজারবাইজান পর্যন্ত স্থলপথ ব্যবহার করা হবে। এরপর সেখান থেকে বিমানযোগে তাঁদের দেশে পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী প্রায় ৩০০ জন বাংলাদেশির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন প্রবাসী নাগরিক, কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা।

দুই ধাপে এসব নাগরিককে দেশে ফেরানোর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১৯ মার্চ প্রায় ২০০ জনকে ফেরানো হবে। তবে এই দফায় বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকছেন না।

কূটনৈতিক সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে আজারবাইজানে ইরানের দূতাবাসের কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকায় সমন্বয় প্রক্রিয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে তুরস্কে বাংলাদেশ দূতাবাস আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে।

এ ছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আজারবাইজানের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে ভিসা অনুমোদনের ব্যবস্থা করছে। ইতোমধ্যে ২৭৪ জন বাংলাদেশির জন্য অন-অ্যারাইভাল ভিসা অনুমোদন দিয়েছে আজারবাইজান।

জানা গেছে, ফেরত আসা অনেক বাংলাদেশির পাসপোর্ট না থাকায় তাঁদের জন্য তেহরানে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে।

সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করা হবে।