ঈদের আগে সোনার দাম আবার কমাল বাজুস।
ঈদের আগে সোনার দাম আবার কমাল বাজুস।   ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে, এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

২২ ক্যারেটের সোনা ২,৬৪,৬২৫, ২১ ক্যারেটের ২,৫০,৩৬৮, ১৮ ক্যারেটের ২,১৪,৬১৮ ও সনাতন পদ্ধতির সোনা  ১,৭৪,৭৮৫ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে । 

এর আগে, গত ১৪ মার্চ, বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার দাম বাড়ানো এবং ১৮ বার দাম কমানো হয়েছে। 

সোনার দামের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখি ছিল। এরপর মূল্য সমন্বয় দর উঠানামা করতে থাকে। সেই ধারাবাহিকতায় আজ সোনার বাজারের দরপতন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮৫৩ ডলার। যা গতকাল ছিল ৫ হাজার ডলারের উপরে।ে

এমআর/আরটিএনএন